Image description

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্বজনদের দাবি, বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি একটি সালিশ বৈঠকে অংশ নিতে মৌচাক এলাকায় গিয়েছিলেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হত্যার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।