রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে ঢাকার ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যা পরে ধাপে ধাপে ১২০টি মোড়ে সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ঢাকার দুই সিটি করপোরেশনের সমন্বয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১৫ জুন সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সেখানে সড়ক পরিবহন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
প্রাথমিকভাবে এ প্রকল্পে কোনো অতিরিক্ত বিশেষ তহবিলের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। পুলিশের নিজস্ব তহবিল থেকেই ব্যয় নির্বাহ করা হবে।
এর আগে রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার মতো কয়েকটি মোড়ে পরীক্ষামূলকভাবে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তৈরি করে।
চলতি বছরের ৭ মে থেকে এসব পয়েন্টে এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার কার্যক্রমও শুরু করেছে ডিএমপি। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লঙ্ঘন শনাক্তে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।
ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ইতিহাস দীর্ঘ হলেও কার্যকারিতার দিক থেকে সফলতা সীমিত। অতীতে বিভিন্ন সময় আন্তর্জাতিক সহায়তায় সিগন্যাল স্থাপন করা হলেও অনেক প্রকল্প দীর্ঘস্থায়ীভাবে কার্যকর করা যায়নি। নতুন এআই উদ্যোগকে সেই চ্যালেঞ্জ মোকাবিলার নতুন চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments