জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মোদিকে একজন দৃঢ়চেতা, দক্ষ আলোচক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প বলেন, বাইরে থেকে মোদি শান্ত ও নম্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত কঠিন ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণকারী নেতা।
রসিকতার সুরে ট্রাম্প আরও বলেন, মোদি দেখতে “খুবই চমৎকার, যেন একজন ফেরেশতা”, কিন্তু আলোচনায় তিনি একজন “কঠিন মানুষ” বা “খুনীর মতো দৃঢ়” ব্যক্তিত্বের অধিকারী—যা বিরল গুণের সমন্বয়।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং তার মেয়াদে ভারত সবসময় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, কোনো পরিস্থিতিতে ভারত আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র সহযোগিতায় এগিয়ে আসবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন এবং বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। উভয়েই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments