Image description

ঢাকার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক জমির মালিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জমির মালিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম দ্বীন ইসলাম (৫৪)। তিনি সাভারের বলিয়ারপুর পাঁচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে। নিহত অপর দুই শ্রমিকের মধ্যে একজনের নাম দুলাল (৪০) বলে জানা গেলেও তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। অন্যজনের পরিচয় এখনও শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কোন্ডা গ্রামের একটি কৃষি জমিতে দিনমজুরদের নিয়ে কাজ করছিলেন দ্বীন ইসলাম। বিকেল ৫টার দিকে হঠাৎ ওই জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিক প্রাণ হারান। এ সময় দ্বীন ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে দৈনিক মজুরির ভিত্তিতে কাজের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে।

সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং বাকি দুই দিনমজুরের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/ডিআর