ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলফোন ও ডিসপ্লেসহ মোজাম্মেল হক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে আখাউড়া থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মোজাম্মেল হক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে। এর আগে, বুধবার বিকালে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ভাঙা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মাইক্রোবাস আটক করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে আখাউড়া থানা পুলিশের একটি টহল দল কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ধরখার ভাঙা ব্রীজ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মাইক্রোবাসের ভেতর থেকে ৩ হাজার ৬০০টি বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ডিসপ্লে এবং ১৩০ পিস দামি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও মাইক্রোবাসের চালক মোজাম্মেল হককে (২৮) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মোজাম্মেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

