শিবচরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি
নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিবচরের স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সারা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন তারা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন স্বাস্থ্য সহকারী অংশ নেন। সকাল থেকে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে দাবি আদায়ের স্লোগান দেন।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে; বেতন বৈষম্য নিরসন,নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেও আমরা কোনো সুফল পাচ্ছি না। তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছি।” তারা আরও জানান, ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব নিয়মিত কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
এ সময় বক্তারা সরকারের প্রতি দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




Comments