Image description

অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, '১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সীট্রাক চালু হবে। যাত্রীদের দূর্ভোগ এড়াতে ও ফেরী চলাচল নির্বিঘ্ন করতে দুই পাড়ে লো, মিড ও হাই তিনটি ঘাট হওয়া প্রয়োজন।'

আজ রোববার দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় তিনি সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন।

সন্দ্বীপের বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সন্দ্বীপে ৫ হাজার পুলের চাহিদা রয়েছে। ২০০ পুল এসেছে আপাতত। দেড় হাজার পুলের জন্য টেন্ডার পাঠানো হয়েছে। কোন অনিয়ম না করে আবেদনের ক্রমিক অনুযায়ী নিয়মমাফিক পুল বিতরণ করা হলে বাকি পুলগুলোও দেওয়া হবে।'

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, 'সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরের বাইরে ছিলো। অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সরেজমিনে সন্দ্বীপ ঘুরে দেখেছেন। এখন থেকে সবার নজর যেন সন্দ্বীপের দিকে থাকে সে চেস্টা করেছি।'

উপদেষ্টা বলেন, 'সন্দ্বীপ মাদকের রুটে পরিনত হয়েছে। মাদক ও সন্ত্রাস অঙ্গাঙ্গীভাবে জড়িত। জনগনের সহযোগিতা ছাড়া মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব নয়। নিজেদের সাহায্য নিজেরা না করলে অন্য কারো সাহায্য কাজে আসবে না।'

সড়ক নির্মাণ কাজে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'বিদ্যমান রাস্তার কাজ ভালো না হলে, ভবিষ্যতে আর কোন নতুন রাস্তার কাজের অনুমোদন দেওয়া হবে না।'

সন্দ্বীপ ও নোয়াখালীর সীমানা জটিলতা নিরসন বিষয়ক এক প্রশ্নে তিনি বলেন, 'সীমানা বিরোধ নিরসনে জেলা প্রশাসন কাজ করছে। ন্যায্যতা অনুযায়ী সমাধান করা হবে।'

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপদেষ্টার কাছে সন্দ্বীপের সীমানা জটিলতা নিরসন, উড়িরচরের নদী ভাঙণ রোধ, নৌ যাতায়াত ব্যবস্থা, অভ্যন্তরীন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বেড়িবাঁধ, আইন শৃঙ্খলা, কৃষিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এর আগে গতকাল শনিবার উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপের আমীর মোহাম্মদ ফেরীঘাটের জেটি ও ব্রীজ নির্মাণ প্রকল্প, কালাপানিয়া- বাটাজোড়া- কাঠগড় সংযোগ সড়কের সম্ভাব্য স্থানসহ সন্দ্বীপে স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।