Image description

দিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও রুবানা তানজিন বলেন, “ঘোড়াঘাটের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনস্বার্থমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান এবং উন্নয়নমূলক সংবাদ প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে তারা প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।