Image description

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমান ওই এলাকার মো. খাদেম শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষি উদ্যোক্তা ছিলেন। তাঁর স্ত্রীসহ রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুটি সন্তান রয়েছে।

নিহতের শ্বশুর মো. সিদ্দিক মন্ডল জানান, সকালে ভুট্টাক্ষেতে পানি দেওয়ার জন্য রোমান ঘরে থাকা মোটরের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই রোমানের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বাদ এশা জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। রোমানের অকাল মৃত্যুতে পরিবারসহ গ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।