Image description

বগুড়ার শেরপুর পৌর শহরের ব্যস্ততম ধুনট রোড ও করতোয়া ব্রিজের পশ্চিম পাড়ে বর্জ্যের বিশাল স্তূপ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা ফেলায় আবর্জনার স্তূপ এখন উপচে রাস্তার ওপর চলে এসেছে। এতে তীব্র দুর্গন্ধ ও রোগবালাইয়ের ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রতিদিন এই পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, করতোয়া ব্রিজের পশ্চিম পাশে রাস্তার ধারের নিচু জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় কিছু হোটেল মালিক ও ব্যবসায়ীরা নিয়মিত এখানে পচনশীল বর্জ্য ফেলায় বাতাস বিষাক্ত হয়ে উঠছে। দুর্গন্ধে ওই এলাকা দিয়ে চলাচল করা পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহনের আরোহীদের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। অনেককে নাক-মুখ চেপে ধরেও রক্ষা পেতে দেখা যায়নি; তীব্র দুর্গন্ধে অনেকের মাঝে বমিভাব ও শারীরিক অস্বস্তি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, খোলা জায়গায় এভাবে আবর্জনা ফেলায় মশা-মাছির উপদ্রব কয়েক গুণ বেড়েছে। এর ফলে আশপাশের এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড ও শ্বাসতন্ত্রের নানা রোগের সংক্রমণ ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বর্জ্যগুলো মাঝেমধ্যে রাস্তার ওপর ছড়িয়ে পড়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘনবসতিপূর্ণ এবং জনবহুল একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা দ্রুত এই স্থান থেকে বর্জ্য অপসারণ করে এলাকাটিকে দূষণমুক্ত করার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, “আমি এই কর্মস্থলে সবেমাত্র যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে জনদুর্ভোগ লাঘব হয়।”

মানবকণ্ঠ/ডিআর