Image description

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাজু মিয়া (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও হাফিজপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সাজু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাহুবল থানার পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সাজু মিয়ার পরিবারে চলছে শোকের মাতম। নিহতের গ্রাম বানিয়াগাঁওয়েও শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর