বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একই গ্রুপের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার ও বিএনপি নেতা পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে রাতে কাটাখালী বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রমিজ উদ্দিন মাস্টারসহ উভয় পক্ষের অন্তত ১৫-১৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলা প্রসঙ্গে রমিজ উদ্দিন মাস্টার বলেন, “আওয়ামী লীগের কিছু দোসর এখন বিএনপি সাজার চেষ্টা করছে। তারাই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি।”
অন্যদিকে পাল্টা অভিযোগ করে পাভেল আহমেদ বলেন, “আমরা পুলিশের অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলাম। সে সময় রমিজ উদ্দিনের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং অফিস ভাঙচুর করা হয়।”
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি রাজনৈতিক বিরোধের চেয়েও গোষ্ঠীগত দ্বন্দ্ব বলে মনে হচ্ছে। বাজারের বিভিন্ন বিষয় নিয়ে রমিজ উদ্দিন ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৭-৮ জন আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments