সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তালা ফায়ার সার্ভিস অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা উপজেলার তালা সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘লিটন ট্রাভেলস’ পরিবহনের একটি বাস তালা ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাজমুল হাসান রানা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে তালা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments