Image description

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মুদি দোকানে ঢুকে পড়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে দোকানে অবস্থানরত একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা পান করছিলেন। এসময় বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ট্যাংকলরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানে থাকা ৫ জন গুরুতর আহত হন, যার মধ্যে একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতরা হলেন— বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূর মোহাম্মদ। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেন জানান, খবর পেয়ে আমাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী সংবাদকর্মীদের জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ট্যাংকলরিটির চাকা ফেটে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর