চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রক্তছড়ি চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার ধারে মুজিবুর রহমান (২৮) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত মুজিবুর রহমান কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে কোথাও যাওয়ার পথে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্য তাকে মারধর করে ফেলে রাখা হয়েছে। গত রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে।
মোটরসাইকেল চালক পিয়ারু জানান, মুজিব খুব ভালো ও শান্ত প্রকৃতির ছেলে ছিলেন। তার সঙ্গে কারও কোনো বিরোধ বা ঝগড়া ছিল না। তিনি বলেন, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মুজিব তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে তার অনটেস্ট মোটরসাইকেলটি মেরামত করে নিয়ে যান।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, একজন মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments