Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল সোমবার কক্সবাজার ও চট্টগ্রামের ৫ টি জনসভায় যোগ দেবেন। এসময় তিনি ১০ দলীয় জোটের পক্ষে ভোট চেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।   

এদিকে জনসভা সফল করার লক্ষ্যে রোববার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ন্যায় ও ইনসাফের সমাজ গঠনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হলেও তা দৃশ্যমান নয়। নির্বাচন কমিশন ও সরকার কোন জবাব দিতে পারছে না। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তিনি প্রশ্ন তুলেন। নারী কর্মীদের উপর হামলা করে প্রতিদ্বন্দ্বী দলটি তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরেছেন। 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারীর জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করার একটি সুযোগ। আমি চট্টগ্রামবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান। 

তিনি বলেন, তরুণ সমাজকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে নেতৃত্ব তৈরি করাই জামায়াতের লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।

জামায়াত ডা. শফিকুর রহমান এর সফরে ৫ টি জনসভায় ভাষণ প্রদান করবেন। এরমধ্যে সকাল ৯ টায় মহেশখালীতে, কক্সবাজার শহরের  গোল চত্ত্বর মুক্তিযোদ্ধা মাঠে সকাল ১০ টায়, লোহাগাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ সকাল ১১ টায়, চট্টগ্রাম সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ দুপুর ২ টায়, চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজের মাঠে বিকাল ৪:৪৫ টায় বক্তব্য রাখবেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জাহিদুল ইসলাম ও কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, আল আমিন সিরাজুল ইসলাম, রিয়াজ মোহাম্মদ সাকিল।

পরে তিনি ফিতা কেটে কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুরের নির্বাচনী প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন করেন।