ঝালকাঠিতে নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে শেফালী বেগম (৬২) নামে এক মা নৃশংসভাবে খুন হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলে সাগর খানকে (৩২) পালানোর সময় আটক করেছে পুলিশ। নিহত শেফালী বেগম ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশাগ্রস্ত হওয়ায় তার মধ্যে মানসিক অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ দেখা দিত। ইতিপূর্বেও তিনি তার মাকে কয়েকবার মারধর করেছেন। রোববার দুপুরে মায়ের সাথে কোনো একটি বিষয় নিয়ে সাগরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর ধারালো দা দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন।
হত্যাকাণ্ডের পর সাগর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে দ্রুত আটক করতে সক্ষম হয়।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/ডিআর




Comments