আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট গ্রহণ ও স্ক্যানিং কার্যক্রমে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। সার্ভারজনিত কারিগরি জটিলতা দেখা দেওয়ায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যথাযথ যাচাই-বাছাই শেষে ২২ হাজার ৯২৭টি আবেদন অনুমোদিত হয় এবং ৯০টি আবেদন বাতিল করা হয়। অনুমোদিত ব্যালটগুলো বিধি অনুযায়ী বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের ঠিকানায় পাঠানো হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) ডাকযোগে আসা পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের প্রথম দিনে জেলা প্রশাসনের কাছে ৫০টি ব্যালট এসে পৌঁছায়। এগুলো স্ক্যান করার সময় সার্ভার জটিলতার কারণে রিপোর্টে তথ্যগত অসামঞ্জস্য ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হলে কমিশনের নির্দেশনা অনুযায়ী যাচাই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, “পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি ভোটও যেন ভুলভাবে গণনায় অন্তর্ভুক্ত না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সার্ভারজনিত কারিগরি ত্রুটি চিহ্নিত হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সাময়িকভাবে যাচাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে এ পর্যন্ত প্রাপ্ত সব ব্যালট সরকারি ট্রেজারিতে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে।”
জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, সার্ভার সমস্যার সমাধান হলে ডাকযোগে প্রাপ্ত সব পোস্টাল ব্যালট পুনরায় একসঙ্গে স্ক্যান করে যাচাই করা হবে। প্রবাসী ভোটারদের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ইসি ও জেলা প্রশাসন সমন্বয় করে দ্রুত এই কার্যক্রম পুনরায় শুরু করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments