নিজের ছবি সংবলিত ব্যানার অপসারণে প্রার্থীকে দুই দিনের সময়
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে নিজের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন অপসারণে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন দলটির উপদেষ্টা ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌর শিশুপার্ক মাঠে হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারীকে এ নির্দেশ দেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, “আমরা কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ইসলামী আন্দোলন করি। এই আন্দোলনে কোনো ভুল চোখে পড়লে কাউকে ভয় করে নয়, বরং আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে তা সংশোধন করা আমাদের ঈমানী দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জনসভায় এসে আমি লক্ষ্য করেছি জাকির হোসাইন পাটোয়ারীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হয়েছে। অথচ হাদিসে স্পষ্ট বলা হয়েছে—যারা ছবি তৈরি করে এবং ছবি তৈরিতে সহযোগিতা করে, তাদের ওপর আল্লাহর লানত বর্ষিত হয়। আমরা লানত নিয়ে রাজনীতি করতে চাই না।”
জাকির হোসাইন পাটোয়ারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তিনি একজন সম্পদশালী মানুষ। তাই আগামী দুই দিনের মধ্যে নিজের ছবি সংবলিত এসব ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে তার তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাকে আমি এই নসিহত ও সময় দিয়ে গেলাম। যদি তিনি এটি পালন করেন, তবে আমি অন্তর থেকে তার জন্য দোয়া করব।”
ইসলামী আন্দোলনের এই নেতার এমন কঠোর অবস্থান এবং ধর্মীয় ব্যাখ্যা সংবলিত আল্টিমেটাম জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments