Image description

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। এদেশের আলো-বাতাস আমরা সমানভাবে ভোগ করি এবং জন্মসূত্রেই আমরা সবাই বাংলাদেশি। তাই রাষ্ট্রে মুসলমানদের যেসব নাগরিক অধিকার আছে, হিন্দু সম্প্রদায়েরও ঠিক একই অধিকার রয়েছে।”

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের চরচাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, “আমাদের এই দেশ সম্প্রীতির দেশ। আমরা সবাই মানুষ—এটাই আমাদের বড় পরিচয়। আমরা সবাই সমান। এরপরেও যদি কেউ আপনাদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটায় কিংবা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। দুষ্কৃতকারীদের ধরে অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।”

লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটির সভাপতি শংকর রাও নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

ইউপি সদস্য তাপস সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মহাসম্মেলনে আগত হাজারো ভক্তের মাঝে আলোচনা সভা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মানবকণ্ঠ/ডিআর