চট্টগ্রামের ফটিকছড়িতে মুজিবুর রহমান (২৮) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রক্তছড়ি চা বাগানের পূর্ব পাশে ‘মাইচ্ছের ছোলা’ নামক এলাকার রাস্তার ধার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
নিহত মুজিবুর রহমান উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের সহকর্মী ও স্থানীয়রা জানান, মুজিব অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে ছিলেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাকে তেমুহনী বাজার এলাকার একটি গ্যারেজে নিজের মোটরসাইকেল মেরামত করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করে বাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও প্রচুর রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মোটরসাইকেলটি উদ্ধার ও খুনিদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments