চকরিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারের পূর্ব পাশে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) ও মোহাম্মদ জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ উসমান (১৭)। নিহত সাগর তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন এবং উসমান ছিলেন কিশোর শ্রমিক।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নির্মাণাধীন ভবনের একেবারে পাশ দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন প্রবাহিত হচ্ছিল। ঝুঁকির মধ্যেই শ্রমিকরা ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তীব্র বিদ্যুৎস্পৃষ্টের ধাক্কায় পাশে থাকা অন্য শ্রমিক কিশোর উসমান ভবন থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনেই মৃত বলে ঘোষণা করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে এক করুণ পরিবেশের সৃষ্টি হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করানোর অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, ভবন মালিক ও সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো দুটি তাজা প্রাণ অকালে ঝরে যেত না।
মানবকণ্ঠ/ডিআর




Comments