Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে; আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। কিন্তু আজ দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পেছনে ফেলতে চায়। মনে রাখবেন, একাত্তরকে পিছিয়ে দিলে আমরা আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলবো।"

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "একাত্তর আমাদের মূল ভিত্তি। একে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ বিষয়ে কারও সঙ্গে কোনো আপোষ করার সুযোগ নেই। বিশেষ করে দেশের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো আপোষের প্রশ্নই আসে না।"

ধর্মকে পুঁজি করে রাজনীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "বর্তমানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে যেন কারও সমস্যা না হয়। জামায়াতে ইসলামী বা ধর্ম ব্যবসায়ী কোনো দল বা সংগঠনের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।"

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "ভোট জনগণের একটি পবিত্র আমানত। ৫ বছর পর পর আমরা একবারই ভোট দেওয়ার সুযোগ পাই। এই আমানত যেন খেয়ানত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যিনি সঠিকভাবে আপনার ভোটের মর্যাদা রক্ষা করবেন। তাই ভোট নষ্ট না করে সঠিক জায়গায় কাজে লাগান।"

বক্তব্য শেষে তিনি ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ‘ধানের শীষ’ প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

মানবকণ্ঠ/ডিআর