গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে রেলওয়ে স্টেশনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গ্রিলের বাউন্ডারির প্রায় ৬ ফিট অংশ কেটে নিয়ে চম্পট দেয়। বাউন্ডারি না থাকায় রেলওয়ে স্টেশন এলাকা এখন অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে, যা সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে।
রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরির ঘটনা ঘটলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সাখোয়াত মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, "নিরাপত্তা কর্মীরা রেলের সম্পদের নিরাপত্তা দেওয়ার চেয়ে হকার ও ছোট ছোট দোকানদারদের কাছ থেকে মাসোহারা তোলা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তাদের এই দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই দুর্বৃত্তরা বাউন্ডারি কেটে নেওয়ার সাহস পেয়েছে।"
এ বিষয়ে গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ রায় বলেন, "আমাদের জনবল অত্যন্ত সীমিত। মাত্র চারজন সদস্য নিয়ে পুরো এলাকা পাহারা দিতে হয়। তবে চুরির বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ামাত্রই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments