Image description

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের টানা চতুর্থ দিনের আন্দোলনে বন্দরে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে 'বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ'-এর ডাকে শুরু হয়েছে ২৪ ঘণ্টার পূর্ণ কর্মবিরতি।

সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। পণ্য পরিবহনের জন্য কোনো যানবাহন বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেনি এবং বন্দরের ভারী যন্ত্রপাতিও সচল ছিল না। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মবিরতি চলবে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা মো. হুমায়ুন কবীর জানান, "শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবির সাথে একমত হয়ে কাজে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন। বন্দরের ভেতরে বর্তমানে কোনো কাজ হচ্ছে না। অপারেশনাল কার্যক্রম এক প্রকার বন্ধ বললেই চলে। এমনকি কোনো জাহাজ নতুন করে আসছে না বা বন্দর ছেড়ে যাচ্ছে না।"

এদিকে, আন্দোলন দমনে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে আন্দোলনরত ১৫ জন কর্মচারীকে দাপ্তরিক প্রয়োজনের কথা উল্লেখ করে মোংলা ও পায়রা বন্দরে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তবে শ্রমিক নেতাদের দাবি, আন্দোলন দমাতেই এই গণ-বদলি করা হয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও কঠোর হতে পারে।

মানবকণ্ঠ/ডিআর