বগুড়ার আদমদীঘিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন নামের এক জামায়াতে ইসলামী কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি গুরুতর আহত হওয়ার পাশাপাশি তার বসতবাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন নশরতপুর ইউনিয়ন যুবদল নেতা রুবেল, সেতু ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) নূর মোহাম্মাদ আবু তাহেরের নির্বাচনী প্রচারণা শেষে নশরতপুর বাজারে দলীয় কার্যালয়ে বসে ছিলেন আলাউদ্দিন। এ সময় তাঁর স্ত্রী মোবাইল ফোনে জানান যে, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাঁদের বাড়ির দেয়াল ঘেঁষে বসে আছে। খবর পেয়ে আলাউদ্দিন দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তাঁকে ধাক্কা দিয়ে পাশের ফাঁকা জমিতে ফেলে দেয়। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে হামলাকারীরা গাছের ডাল দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে যুবদল নেতা রুবেল ও সেতু সেখানে উপস্থিত হয়ে তাঁকে মেরে ফেলার উসকানি দেন। এই সুযোগে অজ্ঞাত হামলাকারীরা তাঁর ঘরে ঢুকে আলমারির ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। পরবর্তীতে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments