সিরাজগঞ্জ-১ আসন: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদারের প্রধান নির্বাচনী পরিচালনা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সদর উপজেলার কাজীপুর রোড ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা এলাকায় অবস্থিত কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই নির্বাচনী অফিস থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে অফিসের গুরুত্বপূর্ণ আসবাবপত্র, ব্যানার-ফেস্টুনসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ধারণা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবেই এই নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।




Comments