রংপুরের মিঠাপুকুরে নৌকায় চড়ে সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে সুবর্ণা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে এবং স্থানীয় জোড়গাছ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সুবর্ণা তার এক নিকটাত্মীয়সহ আরও কয়েকজনের সঙ্গে নৌকায় করে ‘বড়পুকুর’ নামক জলাশয়ে ঘুরতে বের হয়। নৌকাটি জলাশয়ের মাঝখানে পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও করায় মগ্ন হয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। নৌকায় থাকা অন্যরা এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চারজন ডুবুরির একটি দল প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments