Image description

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে এক অনন্য রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে। আসন্ন নির্বাচনে ভোটারদের রায় যা-ই হোক না কেন, ফলাফল মেনে নিয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করার শপথ নিয়েছেন এ আসনের ৬ জন হেভিওয়েট প্রার্থী।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে উপস্থিত হয়ে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে এই শপথ গ্রহণ করেন। প্রার্থীরা একে অপরের হাত উঁচিয়ে ধরে সংহতি প্রকাশ করেন, যা এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

উপস্থিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। এসময় তাঁর সাথে কণ্ঠ মিলিয়ে দেশ ও জনকল্যাণে শপথ নেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলনের মাওলানা আলী আকবর, সিপিবি’র প্রকৌশলী মাহবুব জামান জুয়েল, নাগরিক ঐক্যের কবির হাসান ও গণঅধিকার পরিষদের ইকবাল হাসান।

শপথ বাক্যে প্রার্থীরা অঙ্গীকার করেন, "আমরা অঙ্গীকারবদ্ধ যে— সরিষাবাড়ীতে ভোটারদের উপস্থিতি এবং তাঁদের রায় মেনে নিয়ে আমরা ৬ জন আগামীতে এক পরিবারের সদস্য হিসেবে কাজ করব। সরিষাবাড়ী থেকে মাদক নির্মূল ও দুর্নীতি দূর করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ থাকব।"

ব্যতিক্রমী এই উদ্যোগের ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক হানাহানির ঊর্ধ্বে উঠে প্রার্থীদের এমন দায়িত্বশীল আচরণকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ ভোটার ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানবকণ্ঠ/ডিআর