সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা
সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের হরিনামগোপাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, ব্যানার, পোস্টারসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এই নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। ভোরের দিকে স্থানীয়রা পুড়ে যাওয়া অফিসটি দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। আগুনের তীব্রতায় অফিসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম বলেন, “নির্বাচনের প্রাক্কালে এ ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য অশনিসংকেত। একটি দলের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া মানে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
বাগাটি ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সানোয়ার হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘পরিকল্পিত হামলা’ ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
ঘটনার পর নির্বাচনী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাচনী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে থাকা অবস্থায় এ ধরনের নাশকতার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মানবকণ্ঠ/ডিআর




Comments