Image description

নাটোরের গুরুদাসপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তাঁর দুই বছরের শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আরও দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন এবং পাঁচটি বসতঘর ও একটি মুদি দোকানসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নিহতরা হলেন- ঝাউপাড়া গ্রামের রান্টু ইসলামের স্ত্রী আতিয়া (৩০) ও তাঁদের দুই বছর বয়সী কন্যাসন্তান রোজা। অগ্নিকাণ্ডে দগ্ধ মোন্তার হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে রান্টু ইসলামের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর, একটি মুদি দোকান এবং ঘরে থাকা আসবাবপত্রসহ ১৩টি ছাগল পুড়ে মারা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর