চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দীর্ঘ ৫৪ বছর ধরে স্থানীয় এক পীরের অনুরোধের কারণে নারীরা ভোটকেন্দ্রে উপস্থিত হননি। মাঝে মাঝে কিছু নারী ভোট দিলেও তা ছিল খুবই সীমিত।
এবার জেলা প্রশাসন নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। রূপসা দক্ষিণের ৮টি ভোটকেন্দ্রে নারী ভোটারদের জন্য মোট ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে শুধুমাত্র নারীরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন নারী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর নারী সদস্য নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “নারীদের পর্দা রক্ষা করে ভোট দেওয়ার সব প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই প্রচারণার মাধ্যমে নারীদের জানানো হয়েছে। আশা করছি এবার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন।”
রূপসা দক্ষিণে মোট নারী ভোটার সংখ্যা ১০,২৯৯ জন। জেলা প্রশাসনের এই উদ্যোগ সফল হলে দীর্ঘদিন ধরে ভোটদান থেকে বিরত থাকা নারীদের অংশগ্রহণে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments