চট্টগ্রামের আনোয়ারায় একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে স্থাপিত দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই চুরির ঘটনা ঘটে। নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। বৈরাগ ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম জানান, সিসি ক্যামেরা চুরির ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— মাসুদ (১৮), আল আমিন (২০) ও আরিফ (২৮)।
নির্বাচনের প্রাক্কালে ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
ইউপি সচিব মো. নজরুল ইসলাম বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বসানো দুটি ক্যামেরা দুর্বৃত্তরা নিয়ে গেছে। সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুত একই স্থানে নতুন করে আরও দুটি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। যারা এই চুরির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তায় কোনো ধরনের আপস করা হবে না। নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
মানবকণ্ঠ/ডিআর




Comments