Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র‍্যাব-১২। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর আহসান হাবীব বলেন, “শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

র‍্যাবের পক্ষ থেকে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থী ও তাদের সমর্থকদের উসকানিমূলক কর্মকাণ্ড এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ চন্দ্র বর্মন, র‍্যাব-১২ সিরাজগঞ্জের এসআই রিফাত চন্দ্র রায় ও এসআই খোকা প্রমুখ।

র‍্যাব জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সদা প্রস্তুত। স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন সক্রিয় অবস্থানে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর