Image description

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জেলার সামগ্রিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমরা পুরো চট্টগ্রাম জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য হলো ভোটারদের একটি উৎসবমুখর পরিবেশ উপহার দেওয়া, যাতে তারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

জাহিদুল ইসলাম মিঞা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন প্রায় ৪০ হাজার সদস্য। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১৫ জন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহল দেবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কিছু অর্থ জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি উপজেলাকে গুরুত্ব দেওয়া হলেও সীতাকুণ্ড ও রাউজানসহ কিছু সুনির্দিষ্ট এলাকায় বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭০ জন। আগামীকাল তারা জেলার ১,৯৬৫টি ভোটকেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রশাসনের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর