Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দ ও ধোঁয়ায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দাবি, সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করতে কেউ দূর থেকে পটকা জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মূল গেটের সামনে এ ঘটনা ঘটে।

গোপালপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ ডিউটি টিমের প্রধান পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম জানান, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করার অশুভ উদ্দেশ্যে কে বা কারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রের সামনে পটকা জাতীয় দ্রব্য ছুড়ে মারে। এতে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি, তবে কিছুটা শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনী ও পুলিশের ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লাল রঙের কসটেপের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রের সামনের সড়কে পুলিশের ভ্রাম্যমাণ টিম বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচনের আগের রাতে এমন ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর