Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। অনুভূতি জানিয়ে তিনি বলেন, “জীবনের প্রথম ভোট দিচ্ছি। খুবই এক্সাইটেড।” তিনি আরও জানান, তার পরিবারের সদস্যরাও ভোট দিতে গেছেন।

তামিম যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেটি চট্টগ্রাম-৯ আসনের অন্তর্ভুক্ত। কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই হওয়ার কথা রয়েছে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এ কে এম ফজলুল হকের মধ্যে।

চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং হিজড়া ভোটার ৯ জন। ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তামিম যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে মোট ভোটার ৫ হাজার ৭৩৬ জন এবং কেন্দ্রটি শুধুমাত্র পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত।

চট্টগ্রাম জেলায় মোট ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে। জেলায় মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এসব আসনে ২৪টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মানবকণ্ঠ/আরআই