Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দুই প্রার্থী ১২টি কেন্দ্রে ‘জিরো ভোট’ পেয়েছেন।

এর মধ্যে কাঁচি প্রতীকের বাসদের (মার্কসবাদী) গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক একেএম আরিফুল হাসান ১১টি কেন্দ্রে ও হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরিফুল ইসলাম ১টি কেন্দ্রে শূন্য (জিরো) ভোট পান। এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

জিরো ভোটপ্রাপ্ত কেন্দ্রগুলো হলো- কাঁচি প্রতীকের একেএম আরিফুল হাসান জিরো ভোট পেয়েছেন তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, টেংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়, মরিচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  হাতপাখা প্রতীকের মো. শরিফুল ইসলাম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ময়মনসিংহ-৩ গৌরীপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনি আসন ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর)।

সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আফিয়া আমীন পাপ্পা জানান, এ আসনে এবার মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৭২ হাজার ৮৪৭ জন। প্রদত্ত ভোটের শতকরা ৫৮.৪৬ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৪৬ জন। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৬০১টি।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯২টি কেন্দ্রের ৫৩৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক) আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।

এছাড়াও কাঁচি প্রতীকের বাসদের (মার্কসবাদী) উপজেলা শাখার আহ্বায়ক একেএম আরিফুল হাসান পেয়েছেন ৩৩৪ ভোট। বই প্রতীকের প্রার্থী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মাওলানা মো. আবু তাহের খান পেয়েছেন ২৫ হাজার ২৩৩ ভোট ও হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৮৮  ভোট।