ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে শামা ওবায়েদ লেখেন, “প্রিয় নগরকান্দা ও সালথাবাসী, আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি বিপুল ভোটে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি সাধারণ মানুষের বিজয়।”
ভোটারদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে তরুণ প্রজন্ম ও মা-বোনেরা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষার অঙ্গীকার করছি। এই বিজয় উল্লাসের নয়, বরং এটি বড় একটি দায়িত্বের। আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দলমত নির্বিশেষে এই এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন। আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব—ইনশাআল্লাহ।”
ঐক্যের রাজনীতির ডাক দিয়ে তিনি লেখেন, “আসুন আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করি। ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার মূল অগ্রাধিকার।”
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ফরিদপুর-২ আসনের ১১৭টি ভোটকেন্দ্রে শামা ওবায়েদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন।
শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি সকল স্তরের ভোটার, নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments