বরগুনা-২ আসনে পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী নুরুল ইসলাম মনি
নির্বাচনী লড়াই শেষে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে দেখা গেল রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী নুরুল ইসলাম মনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী ডা. সুলতানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডা. সুলতানের বাসায় গিয়ে তাঁর সাথে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
সাক্ষাৎকালে নুরুল ইসলাম মনি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা দুই ভাই। আমাদের মধ্যে দীর্ঘ ৪০ বছরের পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বাকি জীবনও তা অটুট থাকবে। রাজনীতি করতে গেলে ভোটের মাঠে অনেক সময় অনেক কথা বলতে হয়, তবে সেই অধ্যায় এখন শেষ। দল-মত নির্বিশেষে আমরা এখন ঐক্যবদ্ধভাবে এই আসনের উন্নয়নে কাজ করতে চাই।”
বিজয়ী প্রার্থীর এমন মহানুভবতায় ইতিবাচক সাড়া দিয়ে ডা. সুলতান বলেন, “নির্বাচনে জয়-পরাজয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের এলাকাকে এগিয়ে নিয়ে যাব। তবে আমার অনুরোধ থাকবে, পাথরঘাটা ও বামনা এলাকার রাজনৈতিক কর্মীদের ওপর যেন বিশেষ খেয়াল রাখা হয়।”
এদিকে, দুই নেতার এই সৌজন্য সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইন্টারনেটে কিছু নেতিবাচক মন্তব্য দেখা গেলেও বরগুনা-২ আসনের স্থানীয় সাধারণ ভোটাররা একে ইতিবাচক হিসেবেই দেখছেন। সচেতন মহলের মতে, এটি এলাকার ভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি ও একতার বার্তার প্রতীক হয়ে থাকবে।
উল্লেখ্য, পাথরঘাটা, বামনা ও বেতাগী—এই তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নুরুল ইসলাম মনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments