Image description

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নে এক জামায়াত সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় শোকর আকুঞ্জি নামের এক ব্যক্তির লাকড়ি রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শোকর আকুঞ্জি অভিযোগ করেন, তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থক হওয়ায় নির্বাচনের পর থেকেই ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকেরা তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। তাঁদের প্রতিহিংসার কারণেই এই আগুনের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। স্থানীয় বাসিন্দারা রাতে আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহামুদ (টিটো) জানান, ওই ইউনিয়নে ধানের শীষের চেয়ে দাঁড়িপাল্লা প্রতীকে দ্বিগুণ ভোট পড়েছে। এই ফলাফলে ক্ষুব্ধ হয়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে জামায়াত সমর্থকদের ওপর চড়াও হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত শোকর আকুঞ্জির বড় ছেলে রমজান আকুঞ্জি জামায়াতের রুকন এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি।

এদিকে ঘটনার খবর পেয়ে আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জেলা আমির এমরান হুসাইনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। আগুনে একটি লাকড়ি রাখার ঘরের কিছু কাঠ পুড়ে গেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সিআইডি আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর