দেড় বছর পর খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, প্রতিকৃতিতে শ্রদ্ধা
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন দলীয় কার্যালয়ে তাঁদের সমবেত হতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে এসে নিচতলার কোলাপসিবল গেটের তালা খোলেন। এরপর তাঁরা দোতলায় উঠে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তবে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যালয় ত্যাগ করেন।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নিজেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, ‘রাজনীতি করার অধিকার সবারই আছে। আমরা নতুন সরকারের উদ্দেশে বলতে চাই—আমরা সুস্থ ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের সেই সুযোগ দেওয়া হবে।’
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে খুলনায় আওয়ামী লীগের এই কার্যালয়টি বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আজই প্রথম দলটির নেতাকর্মীদের সেখানে প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল।
মানবকণ্ঠ/ডিআর




Comments