কলাপাড়ায় রমজান শুরুর আগেই বেড়েছে নিত্য পন্যের দাম, সাধারণ মানুষ বিপাকে
পটুয়াখালীর কলাপাড়ায় রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের খাদ্য পণ্য, সবজি-তরকারি, লেবু, শসা, মাছ, মাংস, ডিমের দাম। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সহ মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। ব্যবসায়ীদের বক্তব্য হঠাৎ করেই পূর্বের তুলনায় বেশী দামে ক্রয় করতে হচ্ছে সবকিছু, তাই পূর্বের তুলনায় বিক্রী মূল্যও একটু বেশী পড়ছে।
সূত্র জানায়, গত এক সপ্তাহের তুলনায় চাল, ডাল, তেল, আটা, পিয়াজ, রসুন ও সোলার দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একইসঙ্গে ইলিশসহ দেশীয় মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ব্রয়লার, সোনালী ও দেশী মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে সকল ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। তাই বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে দু:শ্চিন্তার ছাপ। পন্যের দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
ক্রেতা সোয়েব তালুকদার বলেন, রমজান শুরুর দুই একদিন পূর্বেই এভাবে নিত্য পন্যের মূল্য বৃদ্ধির বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে। সাধারণ মানুষের দু:শ্চিন্তা কমাতে বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী করেন তিনি। তবে পাইকারী বাজারে বেশি দামে ক্রয়ের কারনে খুচরা বাজারে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন একাধি বিক্রেতা।
কলাপাড়া ইউএনও কাউছার হামিদ বলেন, যদি কেউ পন্য মজুদ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিত্য পন্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত বাজার তদারকি করা হবে। পাশাপাশি ভোক্তা অধিদপ্তর এ বিষয়ে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।




Comments