Image description

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনদুপুরে এক স্কুল কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এই হামলার ঘটনা ঘটে।

আহত হারুন আর রশিদ (৩৮) উপজেলার হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী হারুন আর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে নাস্তা করার জন্য বাইরে বের হন তিনি। বিদ্যালয় থেকে কিছুটা দূরে যেতেই ওত পেতে থাকা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারাল চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কারা বা কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি আহত হারুন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের দুটি বিশেষ দল কাজ শুরু করেছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর