Image description

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর বিল্লাল মোল্লাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও নাশকতার বিভিন্ন অভিযোগে বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ধারণা করা হচ্ছে, আইনি জটিলতা এড়াতে তিনি গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছিলেন।

বিল্লাল মোল্লা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে এলাকায় নানা অনিয়মের অভিযোগও রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর