চট্টগ্রাম ইপিজেড থেকে একটি ট্রাক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পবিরের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে। একই সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ট্রাক মালিক থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তদন্তের একপর্যায়ে পুলিশ ট্রাকচালক মোহাম্মদ ইউনুছকে আটক করে। গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ইউনুছ জানান, চুরির পেছনে যুবদল নেতা পবিরের সংশ্লিষ্টতা রয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামে ইমাম হোসেন পবিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকটির খণ্ড-বিখণ্ড বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পবির ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। পবির ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমের ছোট ভাই।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, ‘কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন গ্রহণ করবে না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে এবং নেতাকর্মীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments