Image description

পটুয়াখালীর দশমিনায় মোসা. তহমিনা (৩৫) নামে এক সৌদি প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব আলীপুরা গ্রামের সরদার বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তহমিনা ওই এলাকার মৃত আলতাফ সরদারের দ্বিতীয় কন্যা। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির লোকজন তহমিনাকে তার নিজ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর