গাইবান্ধার গোবিন্ধগঞ্জে পণ্যবাহী লরির ধাক্কায় রাজু মিয়া (৪৫) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার ঢাকা-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুছা ব্যাপারীর ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী কার্গো লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাজু মিয়ার অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইয়ুব (২৬) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি সাপমারা ইউনিয়নের খামারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘাতক লরিটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments