Image description

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির কয়েকজন নেতাকর্মী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার শহীদ মিনারের সামনে অবস্থিত ভাঙা-পরিত্যক্ত কার্যালয়ে প্রায় ১০ জনের একটি দল প্রবেশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার ভোরে সেখানে গিয়ে কয়েকজন নেতাকর্মী কার্যক্রম চালুর ঘোষণা দেন।

ভিডিওতে আরও দেখা যায়, কার্যালয়ের দেয়ালে এক পাশে দলীয় পতাকা ও মাঝখানে জাতীয় পতাকা এবং অন্য পাশে ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা ব্যানার টানানো হয়েছে। এছাড়াও সামনে জাতীয় পতাকা রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়।

ভিডিওতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরীকে সঞ্চালনা করতে দেখা যায়। তিনি বক্তব্যে দলীয় নির্দেশনার ভিত্তিতে নেতাকর্মীদের কার্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাতার হোসেন তালুকদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, কার্যালয়টি আগের মতোই পরিত্যক্ত থাকবে এবং সেখানে কাউকে আসতে দেওয়া হবে না। কার্যালয়ে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই