Image description

জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের ৫ আগস্টে পুড়িয়ে দেওয়া কার্যালয়ে ১৮ মাস পর মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন। পরে ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তারা।

পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতাকর্মী।

তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়েন নেতা কর্মীরা। 

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।